শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেবে সরকার: আমির খসরু

দেশের অর্থনৈতিক চাহিদা ও শ্রমবাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় ও পাঠ্যক্রম নির্ধারণের ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শুধু সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার উপযোগী করে গড়ে তোলাই উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত।

শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় আয়োজিত দুই দিনব্যাপী উপাচার্যদের সংলাপের প্রথম দিনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, আগামী বছরগুলোতে শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, এর কার্যকর ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করাও জরুরি। শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগের সুফল নিশ্চিত করতে হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান বাজারমুখী অর্থনীতিতে শিক্ষারও অর্থনৈতিক মূল্য রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের সক্ষমতা শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি দেশের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের বাস্তব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় আরও সম্পৃক্ত হতে হবে।

তিনি বলেন, গবেষণার ফলাফল যেন শুধু প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং জাতীয় উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। এ জন্য বেসরকারি খাতকে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অর্থায়ন এবং গবেষণালব্ধ ফল বাণিজ্যিকভাবে ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *