নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠানটি পরিচালনা করবে।
অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানের আমন্ত্রণপত্র অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তেলাওয়াতের পর রাষ্ট্রপতির শপথ পাঠ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হবে।
এর আগে গত ২৪ জুলাই গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সাংবিধানিক বিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
নির্বাচন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়। আজ বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের মধ্য দিয়ে তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।












