জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন মন্ত্রিসভার ছয় সদস্য

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।

শনিবার দুপুর সোয়া ১টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। তাদের সঙ্গে ছিলেন নতুন দুই প্রতিমন্ত্রী—পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর দুপুর ১টা ৫২ মিনিটের দিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। তিনিও বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তাদের স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগের পর সাধারণ দর্শনার্থীদের জন্য এটি আবার উন্মুক্ত করে দেওয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *