রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে প্রয়াত দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও নেতৃত্ব এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তাদের কবরে শ্রদ্ধা নিবেদনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে। শপথের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণ করবেন।
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে নির্বাচন প্রক্রিয়া শেষে তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।
শপথ গ্রহণের আগে জিয়া ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তার রাষ্ট্রপতি হিসেবে নতুন দায়িত্বের যাত্রার আগে রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ দুই নেতার প্রতি সম্মান প্রদর্শন করা হলো।












