সিলামে মাজার পরিচালনা নিয়ে সংঘর্ষ, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের ব্যবহার

সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর চকের বাজার তৈয়ব ছয়লানি মসজিদ ও ঈদগাহের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাজারের ওয়াকফ এস্টেট পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি ওয়াকফ প্রশাসকের গঠিত কমিটি নিয়ে উচ্চ আদালতে রিট হলে আদালত কমিটি বহাল রাখেন। তবে সাময়িকভাবে বর্তমান মোতাওয়াল্লী ফজলু মিয়ার কার্যক্রম স্থগিত করে আবেদ রাজাকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় অংশ নেয়। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন।

সংঘর্ষের কারণে চণ্ডীপুল-বালাগঞ্জ সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *