বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অন্ধকার দিক ও ক্ষমতার বাস্তব চিত্র নিয়ে নির্মিত সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার দেখা যাবে ঘরে বসেই। তরুণ নির্মাতা আকাশ হকের এই সিনেমাটি আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
আগামী ২৭ আগস্ট প্রথম প্রহরে সিনেমাটি চরকিতে মুক্তি পাবে। রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্ল্যাটফর্মটি।
চলতি বছরের শুরুতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। সেখানে বাংলাদেশ প্যানারমা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় সিনেমাটি।
সিনেমাটিতে উঠে এসেছে ছাত্ররাজনীতিতে ক্ষমতার পালাবদল, আধিপত্য বিস্তার, গ্রুপিং, অর্থের ব্যবহার এবং ক্ষমতার জন্য বিভিন্ন কৌশলের গল্প। একই সঙ্গে কীভাবে শিক্ষার্থীরা ক্ষমতার বাহক হয়ে একসময় নিঃস্ব হয়ে পড়ে, সেই বাস্তবতাও তুলে ধরা হয়েছে।
নির্মাতা আকাশ হক বলেন, দর্শকেরা সিনেমাটির হাস্যরস ভালোভাবে গ্রহণ করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিনেমার চরিত্রগুলোর সঙ্গে নিজেদের ক্যাম্পাসের পরিচিত চরিত্রের মিল খুঁজে পেয়েছেন বলেও জানান তিনি।
আকাশ হকের মতে, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি শুধু ছাত্ররাজনীতির গল্প নয়; এটি বাংলাদেশের বৃহত্তর ক্ষমতার কাঠামোরও একটি ছোট সংস্করণ। ক্যাম্পাসের ক্ষমতার লড়াই, পদ পাওয়ার প্রতিযোগিতা, সিনিয়র-জুনিয়র সম্পর্ক ও গ্রুপিংয়ের মতো বিষয়গুলো সমাজ ও রাষ্ট্রের বাস্তবতারও প্রতিচ্ছবি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে নিয়ে সিনেমা করতে গিয়ে রাজনীতিকে এড়িয়ে যাওয়া তাঁর কাছে অস্বাভাবিক মনে হয়েছে।
‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়ীদ, ইফাদ হাসান, চয়ন মণ্ডল, এস এ জীবনসহ আরও অনেকে।
বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর সিনেমাটি প্রশংসা ও পুরস্কার অর্জন করেছে। এবার ওটিটিতে মুক্তির মাধ্যমে আরও বড় পরিসরের দর্শকের কাছে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।












