আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ সম্প্রসারণ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশ।
রোববার (২৩ আগস্ট) বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এবং আইওএম বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
সভায় অভিবাসন খাতে বোয়েসেল ও আইওএমের সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার ওপর।
এ ছাড়া আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং বৈদেশিক কর্মসংস্থান কার্যক্রমের দক্ষতা বৃদ্ধিতে আইওএম কীভাবে বোয়েসেলকে সহযোগিতা করতে পারে, সে বিষয়েও আলোচনা হয়।
সভায় বাংলাদেশের শ্রম অভিবাসন প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করার উপায় নিয়েও মতবিনিময় করা হয়। পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার এবং বাংলাদেশি অভিবাসী কর্মীদের উন্নত সেবা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় বাংলাদেশ থেকে শ্রম অভিবাসন প্রক্রিয়াকে আরও গতিশীল, কার্যকর ও নিরাপদ করতে বোয়েসেল ও আইওএমের মধ্যে ভবিষ্যতে ঘনিষ্ঠ সহযোগিতা এবং যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করে।

Leave a Reply