জনগণের জানার অধিকার আছে, সরকারের কাজ তাদের কাছে পৌঁছে দিতে হবে: তথ্যমন্ত্রী

দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আন্দালিভ রহমান বলেন, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। একই সঙ্গে মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক, জাতীয় ঐক্য, সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

সংবাদমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ উল্লেখ করে মন্ত্রী বলেন, দীর্ঘ সময় নানা নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতার মধ্যেও গণমাধ্যম সরকারের ব্যর্থতা, অনিয়ম ও নির্যাতনের তথ্য জনগণের সামনে তুলে ধরেছে। জুলাই আন্দোলনেও সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়; বরং প্রয়োজনীয় নিয়মকানুনের মাধ্যমে তাদের সহযোগিতা করা। তিনি বলেন, জনগণের জানার অধিকার রয়েছে—সরকার কী করছে এবং তাদের দেওয়া ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার কীভাবে দায়িত্ব পালন করছে।

তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং জনগণের স্বার্থ রক্ষা করা একটি দলগত দায়িত্ব। প্রশাসনিক অভিজ্ঞতার জন্য কর্মকর্তাদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *