দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন রাষ্ট্রপতির আগমন ও প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসকে কেন্দ্র করে রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের সদস্যরা বঙ্গভবনে প্রবেশ করেন। তবে ওই সময় পর্যন্ত নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে এসে পৌঁছাননি।
রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছানোর পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করবে। রাষ্ট্রপতির প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসকে ঘিরে অভ্যর্থনা ও রাষ্ট্রীয় প্রটোকলের প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সাংবিধানিক প্রটোকল অনুযায়ী বঙ্গভবনে পৌঁছানোর পর তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে এবং গার্ড অব অনার প্রদান করা হবে।
এরপর বঙ্গভবন থেকেই রাষ্ট্রপতি হিসেবে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।












