দেশে চলমান গ্যাস ও জ্বালানি সংকটের জন্য সরকারের কোনো ব্যর্থতা দায়ী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আন্তর্জাতিক প্রভাবেই দেশে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে দোয়া ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন তার সঙ্গে ছিলেন।
দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সম্পর্কে রিজভী বলেন, মহেশখালীতে থাকা ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনালের যান্ত্রিক ত্রুটি ইতোমধ্যে মেরামত করা হয়েছে। এর ফলে শিল্পকারখানা ও আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে। একই সঙ্গে সারাদেশে লোডশেডিংয়ের পরিমাণও কমে এসেছে বলে দাবি করেন তিনি।
দেশে নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এসব ষড়যন্ত্র প্রতিহত করে বিএনপি সরকার দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। সরকারের কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির ঊর্ধ্বে উঠে অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রাখার কথাও জানান তিনি।
এ সময় দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়েও কথা বলেন রিজভী। তিনি বলেন, বিএনপির সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে জহির উদ্দিন স্বপন তার সর্বোচ্চ মেধা ও প্রচেষ্টা কাজে লাগাবেন।












