আদমজী ইপিজেডে ফের অসুস্থ শ্রমিক, ভূতের গুজব নাকি অন্য কোনো কারণ?

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড পোশাক কারখানায় টানা দ্বিতীয় দিনের মতো বেশ কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে রোববার (২৩ আগস্ট) দিনের জন্য কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকদের কয়েকজনের দাবি, কারখানার ভেতরে ‘ভূত দেখার’ পর থেকেই একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ছেন। তবে কারখানা কর্তৃপক্ষ ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কর্মকর্তারা এমন দাবির কোনো বাস্তব ভিত্তি পাননি। শ্রমিকরা ঠিক কী কারণে অসুস্থ হয়ে পড়ছেন, তা শনাক্তের চেষ্টা চলছে।

কারখানা সূত্রে জানা গেছে, শনিবার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত নারী শ্রমিকদের মধ্যে একে একে অসুস্থতা দেখা দেয়। অসুস্থ শ্রমিকের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই কারখানা ছুটি দেওয়া হয়। তাদের বেপজা মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রোববার সকালে প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগ দেওয়ার পর আবারও কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। কারখানার জিএম বিল্লাল হোসেন জানান, এদিন ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হওয়ায় কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, পরিদর্শনের সময় তিনি কারখানায় দমবন্ধ বা শ্বাসরোধ হওয়ার মতো কোনো কারণ দেখতে পাননি। তিনি বলেন, অসুস্থতার প্রকৃত কারণ নিশ্চিত করার চেষ্টা চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *