স্লিপার বাস চলাচল নিয়ে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির দাবিগুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান। তবে দেশের প্রচলিত আইন পরিপালনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে স্লিপার বাস মালিক সমিতির স্মারকলিপি গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে মালিকদের সঙ্গে আলোচনা করা হবে। দেশের আইন সবার জন্য সমান এবং আইন পরিপালনে বিআরটিএ বদ্ধপরিকর।
স্লিপার বাস বন্ধ না করে সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করার বিষয়ে মালিকদের দাবির প্রসঙ্গে মোহাম্মদ হাবীবুর রহমান বলেন, স্লিপার বাস বা যেকোনো ধরনের সংস্কারের বিষয়ে মালিকদের সঙ্গে বসে তাঁদের বক্তব্য শোনা হবে। এরপর আইন অনুযায়ী যতটুকু ব্যবস্থা নেওয়া সম্ভব, তা করা হবে।
তিনি বলেন, দেশের যেকোনো নাগরিক যেকোনো বিষয়ে তাঁদের বক্তব্য তুলে ধরতে পারেন। তবে আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। বিআরটিএ আইন পুরোপুরি অনুসরণ করবে এবং সংশ্লিষ্টদেরও তা মেনে চলতে হবে।
এর আগে স্লিপার বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে বিআরটিএ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয় বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতি।
স্মারকলিপিতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে স্লিপার বাসের কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণের দাবি জানানো হয়। মালিকদের দাবি, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ রয়েছে এবং চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার শ্রমিকের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল।
তাই স্লিপার বাস বন্ধ না করে কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরি করে নিরাপদভাবে চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে মালিক সমিতি।












