গানের অর্থ না বুঝলেও মেতেছে শ্রোতা-দর্শক

আলা বোলেলো’—শব্দটির অর্থ কী, তা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। তবে অর্থ না বুঝলেও গানটির সুর ও ছন্দে মেতেছেন শ্রোতা-দর্শকেরা। মূলত দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’-এর সদ্য প্রকাশিত গান এটি।

শুক্রবার প্রকাশের পর থেকেই গানটি নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। চমৎকার ভিজ্যুয়াল, নজরকাড়া কোরিওগ্রাফি এবং অনিরুদ্ধ রবিচন্দরের সংগীতায়োজন গানটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

গানটির ভিডিওতে অভিনেত্রী শামনা কাসিমকে ঐতিহ্যবাহী কাসাবু শাড়িতে নাচতে দেখা গেছে। ভিডিওর শেষদিকে রজনীকান্তের সংক্ষিপ্ত উপস্থিতিও ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

এর আগে গানটির ৩২ সেকেন্ডের একটি প্রোমো প্রকাশ করা হয়েছিল। সেই প্রোমো প্রকাশের পর থেকেই গানটির পূর্ণাঙ্গ সংস্করণের অপেক্ষায় ছিলেন ভক্তরা।

তবে গানটি প্রশংসার পাশাপাশি সমালোচনারও মুখে পড়েছে। এতে ব্যবহৃত মালয়ালম ভাষার কিছু শব্দের উচ্চারণ নিয়ে আপত্তি জানিয়েছেন বেশ কয়েকজন মালয়ালি শ্রোতা। তাঁদের অভিযোগ, গানটিতে মালয়ালম ভাষার শব্দের সঠিক উচ্চারণ ও ব্যবহার করা হয়নি।

তারপরও গানটির সুর, নাচ ও পরিবেশনা শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক ভক্তের ধারণা, প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পর গানটি আরও বড় জনপ্রিয়তা পেতে পারে।

২০২৩ সালের ব্যবসাসফল সিনেমা ‘জেলার’-এর দ্বিতীয় কিস্তি হিসেবে নির্মিত হচ্ছে ‘জেলার ২’। সান পিকচার্সের ব্যানারে কালানিধি মারান প্রযোজিত সিনেমাটি পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন নেলসন দিলীপকুমার।

‘জেলার ২’ আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *