গাজীপুরে এক ঘণ্টার আগুনে ঝুট গুদাম পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুট গুদামে থাকা সব মালামাল পুড়ে গেছে। রোববার (২৩ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের দারোগারচালা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুন দ্রুত পুরো গুদামে ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা ঝুটসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান, গুদামটিতে বিপুল পরিমাণ মালামাল মজুত ছিল। ভোরে আগুন লাগার পর মুহূর্তেই তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। গুদামের মালামাল আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা সেখানে বৈদ্যুতিক সংযোগে চার্জ দেওয়া ছিল। ওই অটোরিকশা থেকেই শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *