আইয়ুব বাচ্চুর গানের নতুন পরিবেশনা নিয়ে ক্ষুব্ধ ভক্তরা, উঠল আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রকাশিত বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আইয়ুব বাচ্চুর ২০টি জনপ্রিয় গান নিয়ে সাজানো এই অ্যালবামে সমসাময়িক বিভিন্ন ব্যান্ড ও শিল্পী নতুন করে সংগীতায়োজন ও পরিবেশনা করেছেন। অ্যালবাম থেকে পাওয়া অর্থ আইয়ুব বাচ্চু জাদুঘর তৈরির কাজে ব্যয় করার কথা জানানো হয়েছে।

গত ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে ইউটিউবে প্রকাশিত হয় অ্যালবামের প্রথম গান ‘রুপালি গিটার’। এতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। এরপর আরও কয়েকটি গান প্রকাশিত হয়েছে। তবে অদিত রহমানের কণ্ঠে ‘ঘুমন্ত শহরে’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি সমালোচনা শুরু হয়।

ভক্তদের একাংশের অভিযোগ, নতুন সংগীতায়োজনের পাশাপাশি গায়কীতেও পরিবর্তন আনায় মূল গানের আবেগ ও আবেদন ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ কেউ এটিকে আইয়ুব বাচ্চুর সৃষ্টির প্রতি অসম্মান হিসেবেও দেখছেন। গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার দাবির পাশাপাশি দাবি পূরণ না হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন কয়েকজন।

অন্যদিকে, আইয়ুব বাচ্চুর গান ও গিটার পরিবেশন করে প্রশংসা পেয়েছেন অন্য শিল্পীরাও। মোল্লা বাবুর গাওয়া ‘কষ্ট কাকে বলে’ গানটির পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।

এদিকে ‘উত্তরাধিকার’ প্রকল্পের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন এলআরবিতে আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সহযাত্রী ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদ। তিনি বলেন, আইয়ুব বাচ্চুর গান পরিবেশনের ক্ষেত্রে গানের আবেগ, মর্যাদা ও মূল অনুভূতি যেন হারিয়ে না যায়, সেটি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে চলমান বিতর্কে শিল্পীর গান পুনঃপরিবেশনের ধরন, সৃষ্টির মর্যাদা এবং উত্তরাধিকার সংরক্ষণের বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *