বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

রাজনৈতিক হিসাব-নিকাশের আগেই অর্থনীতি এগিয়ে যায় এবং রাজনীতি পরে সেই পথ অনুসরণ করে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আন্তঃসহযোগিতাকে দীর্ঘমেয়াদি সমাধানের প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ একটি গতিশীল, সার্বভৌম ও স্বাধীন দেশ। ভারতও একইভাবে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র। দুই দেশের মধ্যে ছোট-বড় কোনো ভেদাভেদ নেই; উভয় দেশই সমান। আগামী দিনে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ইতিবাচক রূপ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন তিনি।

ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা-বাণিজ্য রয়েছে। তবে ২০২৪ সালে উভয় দেশের বিভিন্ন বিধিনিষেধের কারণে বাণিজ্যিক সম্পর্ক একটি পরিবর্তন বা রূপান্তরের মধ্য দিয়ে গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত বক্তব্য দেবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *