গণপতিসহ পরিবারের চারজনকে হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

রোববার (২৩ আগস্ট) নগরীর টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

সমাবেশে তিনি বলেন, একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ হত্যাকাণ্ড রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকের বিস্তার নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তাই দ্রুত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

এ সময় হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ শনাক্ত করতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন মাহবুবুর রহমান বেলাল। পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

সমাবেশে রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *