ভারতের হাসপাতালে ভয়াবহ আগুন, প্রাণ গেল তিন নবজাতকের

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন তিন নবজাতকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলা মহিলা হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের তৃতীয় তলায় থাকা বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসএনসিইউ) একটি ভেন্টিলেটর হঠাৎ বিস্ফোরিত হওয়ার পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ইউনিটের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে সেখানে থাকা নবজাতকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

ঘটনার সময় ইউনিটটিতে মোট ৩৯ জন নবজাতক চিকিৎসাধীন ছিল। আগুন লাগার পর হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। বেশ কয়েকজন নবজাতককে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন তিন নবজাতককে আর বাঁচানো সম্ভব হয়নি। তাদের মৃত্যুর ঘটনায় হাসপাতালজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রাথমিকভাবে ভেন্টিলেটর বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেলেও দুর্ঘটনার প্রকৃত কারণ এবং হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *