ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে সাংবাদিকদের প্রশ্ন না করার অনুরোধ জানিয়েছিল ভারত। তবে বৈঠকের শুরুতে সেই অনুরোধের কথা ভুলে গিয়ে ট্রাম্প সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেন। পরে বৈঠকটি প্রায় ৪৫ মিনিটের এক দীর্ঘ প্রশ্নোত্তর পর্বে পরিণত হয় বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
গত শনিবার (২২ আগস্ট) ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে এ বিষয়ে কথা বলেন সার্জিও গোর। তার ভাষ্য অনুযায়ী, ফ্রান্সের এভিয়ান-লে-বাঁয়ে গত ১৭ জুন জি-৭ সম্মেলনের ফাঁকে মোদী ও ট্রাম্পের বৈঠকের আগে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।
গোর জানান, বৈঠকের আগে ট্রাম্প জানতে চেয়েছিলেন ভারতীয় পক্ষ কোন কোন বিষয় তুলতে পারে। তখন তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধের কথা জানান। সাংবাদিকদের বৈঠকে উপস্থিত থাকার অনুমতি থাকলেও কোনো প্রশ্নোত্তর বা পূর্ণাঙ্গ সংবাদ সম্মেলন না করার অনুরোধ জানানো হয়েছিল। ট্রাম্পও এতে সম্মতি দিয়েছিলেন।
কিন্তু বৈঠক শুরু হওয়ার পর সাংবাদিকদের উপস্থিতি দেখে ট্রাম্প তাদের দিকে ফিরে প্রশ্ন করার সুযোগ দেন। গোরের দাবি, ট্রাম্পের ওই এক প্রশ্নের পরই পরিস্থিতি বদলে যায় এবং বৈঠকটি প্রায় ৪৫ মিনিটের সংবাদ সম্মেলনে রূপ নেয়।
বৈঠকে হরমুজ প্রণালিতে ভারতীয় নাবিকদের নিরাপত্তা এবং ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মোদী ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন। ট্রাম্পও দুই দেশের বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
তবে সাংবাদিকদের প্রশ্ন না করার অনুরোধের বিষয়ে নয়াদিল্লি এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।












