সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তারে অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. সজীব (৩০) নামে এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে নাসিকের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোদনাইল নয়াপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে সজীব পেশায় পরিবহন শ্রমিক ছিলেন। রাতে গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকায় জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানের সামনে অবস্থানকালে ১০ থেকে ১২ জনের একটি দল তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সজীবকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। হামলায় জড়িত কয়েকজনের নাম শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, প্রাথমিকভাবে হত্যাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *