সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধারের মামলায় মো. মোরসালিন (২০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় গাঁজা উদ্ধারের ঘটনায় তাকে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি দুই ধারায় মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ মার্চ সোনারগাঁ থানাধীন সোনাপুর এলাকার আহম্মেদনগর টিনশেড পরিত্যক্ত মাদ্রাসার একটি কক্ষে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখানে থাকা মো. মোরসালিনের হেফাজত থেকে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা এবং গাঁজার মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
এ ঘটনায় সোনারগাঁও থানার এসআই অংকুর কুমার ভট্টাচার্য বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটি সোনারগাঁও থানার মামলা নং-৩৪, তারিখ ২৯ মার্চ ২০২৫ এবং জিআর নং-১১৯/২৫ হিসেবে রুজু হয়।
পরে মামলার তদন্ত শেষে একমাত্র আসামি মোরসালিনের বিরুদ্ধে ২০২৫ সালের ২ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর মামলাটি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল।
বিচার শেষে আদালত ফেনসিডিল রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৪(গ) অনুযায়ী মোরসালিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া ৬ কেজি গাঁজা রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনের ৩৬(১) ধারার সারণির ১৯(খ) অনুযায়ী তাকে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।












