কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ, ফের বিতর্কে সোহম

ফের বিতর্কে জড়ালেন টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী। আলমারি তৈরির বকেয়া টাকা চাইতে যাওয়ায় এক কাঠমিস্ত্রিকে গালিগালাজ, মারধর ও ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগী কাঠমিস্ত্রি রাজকাপুর শর্মা এ ঘটনায় কলকাতার বেহালা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগপত্রে রাজকাপুর জানান, গত ১২ মে সোহমের বাড়িতে ৫৫ হাজার টাকা চুক্তিতে একটি আলমারি তৈরির কাজ শুরু করেন তিনি। কাজের শুরুতে ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়। প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হওয়ার পর সোহমের পক্ষ থেকে আরও দুটি আলমারি তৈরির অর্ডার দেওয়া হয়। নতুন কাজেরও অর্ধেকের বেশি শেষ করার পর আর কোনো অর্থ পাননি বলে অভিযোগ করেন তিনি।

পাওনা টাকা চাইতে গেলে সোহম ও তার দেহরক্ষী তোতন সর্দার তাকে লাঞ্ছিত করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেছেন রাজকাপুর। এ সময় তার ফোনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

তবে অভিযোগের বিষয়ে সোহম চক্রবর্তীর বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে গত জুলাই মাসেও সোহমের বিরুদ্ধে এক চলচ্চিত্র প্রযোজকের ৬৮ লাখ টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে চারু মার্কেট থানায় মামলা হয়েছিল।

এ ছাড়া বিধায়ক থাকাকালে কলকাতার একটি রেস্তোরাঁর কর্মীদের হেনস্তা ও মারধরের অভিযোগেও বিতর্কে জড়িয়েছিলেন এই অভিনেতা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *