৪৫ তেল-গ্যাসবাহী জাহাজ কালো তালিকাভুক্ত করল ইরান

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে ইরান। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের ৪৫টি তেল ও গ্যাসবাহী ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান।

রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হরমুজ প্রণালির ব্যবস্থাপনার জন্য গঠিত ‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ’ এ তথ্য জানায়।

ইরানি কর্তৃপক্ষ বলেছে, তালিকাভুক্ত জাহাজগুলোকে জরিমানা, আটক এবং তাদের বহন করা পণ্য জব্দ করা হতে পারে। একই সঙ্গে এসব জাহাজের সঙ্গে সমুদ্রে পণ্য স্থানান্তরের কাজে যুক্ত অন্য নৌযানগুলোকেও কালো তালিকায় অন্তর্ভুক্ত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তালিকায় অপরিশোধিত তেল, এলএনজি, এলপিজি ও পরিশোধিত জ্বালানি পরিবহনকারী বিভিন্ন ধরনের জাহাজ রয়েছে। কয়েকটি জাহাজ সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি লজিস্টিকস অ্যান্ড শিপিং, সৌদি আরবের বাহরি এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মালিকানাধীন।

কোন নিয়ম ভঙ্গের কারণে এসব জাহাজকে ‘নন-কমপ্লায়েন্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তা অবশ্য স্পষ্ট করেনি ইরান।

হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। ফলে ইরানের এই পদক্ষেপে আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *