মহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণেই শান্তিপূর্ণ সমাজ সম্ভব: প্রধানমন্ত্রী

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তাঁর আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তিনি মানুষকে তাওহিদের দিকে আহ্বান করার পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন—‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ’ (সূরা আল-আহযাব, আয়াত: ২১)। মহানবী (সা.)-এর জীবন ছিল পবিত্র কুরআনের শিক্ষার বাস্তব ও জীবন্ত প্রতিফলন।

তারেক রহমান বলেন, মহানবী (সা.) সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, ক্ষমাশীলতা, সহনশীলতা, দয়া ও পরোপকারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতি, বর্ণ, গোত্র, ভাষা ও সামাজিক অবস্থানের বিভেদ অতিক্রম করে তিনি মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় জোর দিয়েছেন।

তিনি বলেন, মহানবী (সা.) এতিম, দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ার শিক্ষা দিয়েছেন। পরিবার, প্রতিবেশী, নারী, শিশু এবং সমাজের প্রান্তিক মানুষের অধিকার রক্ষার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন।

বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ, সংঘাত, হিংসা, বৈষম্য ও নৈতিক অবক্ষয়ের এই সময়ে মহানবী (সা.)-এর শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক।

তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, উগ্রতা ও অপরাধের পথ থেকে দূরে রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় তরুণদের গড়ে তুলতে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনন্য প্রেরণার উৎস হতে পারে।

পরিশেষে প্রধানমন্ত্রী বাংলাদেশসহ সমগ্র বিশ্বে শান্তি, সাম্য, সমৃদ্ধি ও মানবিকতা প্রতিষ্ঠার জন্য প্রার্থনা জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *