ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য নদীর মোহনা চাঁদপুর ও সমুদ্র উপকূলীয় মোংলায় সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি করার নির্দেশও দিয়েছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক হয়। বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা শহরের প্রায় ৭৪ শতাংশ পানি ভূগর্ভস্থ উৎস থেকে উত্তোলন করা হয়। এভাবে ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ। তাই বিকল্প পানির উৎস ব্যবহারের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, লবণাক্ত পানি শোধন করে ব্যবহারযোগ্য করার বিষয়টি নিয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে চাঁদপুরের নদীর মোহনা এবং উপকূলীয় মোংলায় ফিজিবিলিটি স্টাডি করা হবে।

পরিশোধিত পানি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের মতো করে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

এদিকে ঢাকার পানির চাহিদা মেটাতে মেঘনা নদী থেকে পানি আনার জন্য ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ‘সায়েদাবাদ প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি চালু হলে প্রতিদিন প্রায় ৯৫ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা সম্ভব হবে বলে জানান প্রতিমন্ত্রী।

প্রকল্পটিতে ডেনমার্ক সরকার প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা সহযোগিতা করবে বলেও জানান তিনি। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্ট ব্যবস্থার জন্য ডেনমার্ক সরকার ১০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *