নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, একসময় যে কক্ষে ‘প্রেস কনফারেন্স’ হতো, জুলাই গণঅভ্যুত্থানের পর সেই কক্ষ এখন ইতিহাস জানার জায়গায় পরিণত হয়েছে। বর্তমানে সেখানে চলছে চলচ্চিত্র প্রদর্শনী।
সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একই কক্ষের অতীত ও বর্তমানের দুটি ছবি শেয়ার করে এ পরিবর্তনের কথা তুলে ধরেন ফারুকী।
পোস্টে তিনি লেখেন, ‘এক সময় এই ঘরে প্রেস কনফারেন্স নামে সেই অদ্ভুত জিনিসগুলো হইতো। তারপর আসলো ৩৬ জুলাই। আমরা ঘরটা এই রকম পাইলাম। জনতার ক্ষোভের দাগ সর্বত্র।’
জুলাই গণঅভ্যুত্থানের পর কক্ষটির নাম দেওয়া হয়েছে ‘মুনসুন থিয়েটার’। সেখানে প্রতিদিন চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীদের সামনে গত ১৬ বছরের ইতিহাস তুলে ধরা হচ্ছে বলে জানান ফারুকী।
তিনি লেখেন, ‘আর এখন এটার নাম মুনসুন থিয়েটার। এখানে প্রতিদিন চলচ্চিত্র প্রদর্শনীতে ১৬ বছরের ইতিহাস দেখেন দর্শনার্থীরা। অনেকগুলা শো হয়।’
শুধু সাধারণ দর্শনার্থী নয়, স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিও লক্ষ্য করেছেন ফারুকী। সোমবার সকালে একটি প্রদর্শনীর ছবি পোস্ট করে তিনি জানান, নির্ধারিত শনিবারের বাইরেও স্কুলশিক্ষার্থীরা জাদুঘর দেখতে আসছে।
ফারুকী লিখেছেন, ‘ছবিতে অনেক স্কুল ছাত্রদের দেখা যাচ্ছে। তার মানে স্কুল ছাত্রদের জন্য নির্ধারিত শনিবারের বাইরেও তারা যাচ্ছে। ভেরি ইন্সপায়ারিং।’
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন মোস্তফা সরয়ার ফারুকী। তার তত্ত্বাবধানেই ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণের কাজ শুরু হয়েছিল।












