জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি থেকে নিজের মালামাল সরিয়ে নিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মিজানুর রহমান। এর মধ্য দিয়ে বাড়িটি দখলমুক্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মিজানুর রহমান রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনের বাড়ি দখলে রাখার অভিযোগ ওঠার পর সম্প্রতি তাকে দল থেকে বহিষ্কার করে আক্কেলপুর উপজেলা বিএনপি।
মঙ্গলবার আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বাড়ি থেকে চলে যাওয়ার কথা স্বীকার করেছেন মিজানুর রহমানও। তিনি বলেন, ‘আমি বাড়ি থেকে চলে এসেছি। বহিষ্কারাদেশ পাইনি। তবে এলাকায় মাইকিং করে বহিষ্কারের বিষয়টি প্রচার করা হয়েছে, তা শুনেছি।’
দলীয় সূত্র ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২১ জুলাই বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য মিজানুর রহমানকে সাত দিনের সময় দেয় রায়কালী ইউনিয়ন বিএনপি। নির্ধারিত সময়ের মধ্যে তিনি বাড়ি না ছাড়ায় বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেন।
এরপর গত রোববার রাতে মিজানুর রহমানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে আক্কেলপুর উপজেলা বিএনপি। পরদিন সোমবার এলাকায় মাইকিং করে তার বহিষ্কারের বিষয়টি প্রচার করা হয়। এর পরই তিনি বাড়ি থেকে নিজের মালামাল সরিয়ে নেন।
বাড়িটি দখলমুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম। মঙ্গলবার সকালে তিনি বলেন, মিজানুর রহমান মালামাল সরিয়ে নেওয়ায় বাড়িটি এখন দখলমুক্ত হয়েছে। তিনি বাড়িতে ফিরে এসেছেন।
শাহনাজ বেগম আরও দাবি করেন, মিজানুর রহমানের বিরুদ্ধে এলাকায় আরও অনেক অভিযোগ রয়েছে।












