বিকট শব্দে মোটরসাইকেল চালানো, কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ সৃষ্টি করে আতঙ্ক ছড়ানোর অভিযোগে সাকলাইন মোস্তাক নামে এক কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন ধরে ওই কিশোর একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেলের পরিবর্তিত সাইলেন্সর ব্যবহার করে শহরের বিভিন্ন সড়কে বিকট শব্দ করে চলাচল করছিলেন। এতে পথচারীদের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি হচ্ছিল।

দুপুর ১২টার দিকে স্থানীয় কয়েকজন ওই মোটরসাইকেলটি আটক করে ট্রাফিক পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করে এবং চালকের বিরুদ্ধে মামলা দেয়।

নওগাঁ ট্রাফিক পুলিশের সার্জেন্ট জগদীশ চন্দ্র জানান, মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ সৃষ্টি করা সড়ক পরিবহন আইন অনুযায়ী অপরাধ। এর পাশাপাশি ওই কিশোরের বৈধ ড্রাইভিং লাইসেন্সও ছিল না। এসব কারণে তার বিরুদ্ধে মামলা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মোটরসাইকেলের পরিবর্তিত সাইলেন্সরটি খুলে নেওয়া হবে এবং সেটি আর ফেরত দেওয়া হবে না।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলার দেলুনজো গ্রামের বাসিন্দা সাকলাইন মোস্তাক বর্তমানে পরিবারের সঙ্গে নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় ভাড়া বাসায় থাকেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *