জর্জিয়ার হোটেল থেকে থাই ইউটিউবার লুন সোলোর মরদেহ উদ্ধার

পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর জর্জিয়ার তিবিলিসির একটি হোটেল থেকে থাই ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর লুন সোলোর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর।

লুন সোলোর প্রকৃত নাম বোওয়ার্নথাত পেংসুক। নিজের ট্রাভেল চ্যানেলের জন্য কনটেন্ট তৈরি করতে জুলাইয়ের শুরুতে জর্জিয়ায় যান তিনি। গত ২৯ জুলাই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেশটির পুলিশ।

পুলিশ জানিয়েছে, হোটেল থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ ও কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১৩ জুলাইয়ের পর থেকে লুন সোলোর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। তাকে খুঁজে পেতে তার ভাই সোমসাক বুতশ্রী প্রকাশ্যে সাহায্যের আবেদনও করেছিলেন।

পরিবারের এক ঘনিষ্ঠজনের বরাত দিয়ে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছ থেকে বার্তা পাওয়ার পর লুন সোলোর ভাই তার মৃত্যুর খবর জানতে পারেন। পরে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার জন্য পরিবার থাই কনস্যুলার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে।

লুন সোলো বিভিন্ন দেশে একাকী ব্যাকপ্যাকিং ও ভ্রমণের ভিডিও তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ফেসবুকে তার প্রায় ২৪ লাখ অনুসারী এবং ইউটিউবে ১০ লাখের বেশি সাবস্ক্রাইবার ছিল।

ছোটবেলায় বাবাকে হারানোর পর থাইল্যান্ডের কালসিনে দাদির কাছে বেড়ে ওঠেন তিনি। উচ্চ মাধ্যমিকের পর একটি কারখানায় কাজ করলেও পরে ব্যাংককের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বৃত্তি পান। সেখান থেকে রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি অর্জনের পর চাকরি ছেড়ে পূর্ণকালীন কনটেন্ট ক্রিয়েশনে যুক্ত হন।

তার ভিডিওতে কম খরচে একাকী ভ্রমণ এবং বিভিন্ন দেশে ঘোরার বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরা হতো। তার আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীরা শোক প্রকাশ করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *