আছিয়া হত্যা মামলার রায় পিছিয়েছে, নতুন দিন ৩১ আগস্ট

মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী ৩১ আগস্ট নির্ধারণ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষ জানায়, মামলাটিতে অ্যাটর্নি জেনারেল শুনানি করেছেন। তিনি বর্তমানে দেশের বাইরে থাকায় রায়ের জন্য সময় প্রয়োজন। পরে আদালত সময় আবেদন মঞ্জুর করেন।

মামলার প্রধান আসামি হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় গত বছরের ৫ মার্চ রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে ২৯ জন সাক্ষ্য দেন। মাত্র ১৩ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পর নিম্ন আদালত রায় ঘোষণা করেন।

আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করতে উচ্চ আদালতের অনুমোদন প্রয়োজন হওয়ায় মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। এখন হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্টরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *