নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি এবং নিখোঁজ স্বজনদের সন্ধানের অপেক্ষায় থাকা ব্যক্তিদের প্রতি গভীর সহানুভূতি জানিয়েছে কমিটি।
বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ শোক জানানো হয়। বিবৃতিতে বলা হয়, নেপালে প্রাণহানির এই মর্মান্তিক ঘটনায় কমিটি গভীরভাবে শোকাহত। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো হয়েছে।
কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত সংহতি ও সহমর্মিতার বিবৃতিকে পূর্ণ সমর্থন জানিয়েছে। পাশাপাশি নেপালের দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পাশে ঐক্যবদ্ধভাবে থাকার ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতার অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে। ফলে এমন সংকটময় সময়ে নেপালের জনগণের দুর্ভোগ বাংলাদেশ গভীরভাবে উপলব্ধি করে। বাংলাদেশের সংসদ ও জনগণ নেপালের প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছে।
দুর্যোগকবলিত এলাকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিয়েছে সংসদীয় কমিটি। নেপালে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চলমান উদ্যোগে সহযোগিতা করার কথা জানিয়েছে কমিটি।
এ ছাড়া নেপালের সঙ্গে প্রয়োজনীয় দ্বিপাক্ষিক মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রম দ্রুত বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।
নেপাল ও তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির খবরের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে এ শোক ও সহমর্মিতা জানানো হলো। দুর্গত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে বিভিন্ন সংস্থা কাজ করছে।












