সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, রেড অ্যালার্ট

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রপাত, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও প্রবল বাতাসের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সময়ে দেশটির কয়েকটি এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল সেন্টার ফর মিটিওরোলজি (এনসিএম)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এনসিএম জানায়, জাজান, আসির, আল বাহা, মক্কা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এতে আকস্মিক বন্যার পাশাপাশি শিলাবৃষ্টি ও বালুঝড়ের আশঙ্কাও রয়েছে।

বিশেষ করে মক্কা অঞ্চলের তায়েফ, আল কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এদিকে মদিনা অঞ্চলের আল-আইস, আল-মাহদ, বদর ও আশপাশের এলাকায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে রাবিগ, জেদ্দা, আল খুরমাহ এবং মক্কার আশপাশের এলাকায় হালকা বৃষ্টি ও ধুলোঝড়ের সম্ভাবনায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।

এনসিএম জানিয়েছে, নর্দার্ন বর্ডারস, জাজান, ইস্টার্ন প্রভিন্স এবং রিয়াদ অঞ্চলের দক্ষিণাংশেও দমকা হাওয়াসহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় রাতের শেষভাগ থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা দেখা দিতে পারে, ফলে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তবে বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি দেশটির বিভিন্ন এলাকায় তাপমাত্রাও বেশ চড়া থাকবে। মদিনায় সর্বোচ্চ ৪৭ ডিগ্রি, দাম্মামে ৪৬ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদাহতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।

এমন বৈরী আবহাওয়ায় আকস্মিক বন্যাপ্রবণ এলাকা ও নিচু স্থানে অবস্থানকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *