ভারতের দিল্লির পশ্চিম তিলক নগরে নিজ বাসায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন ২১ বছর বয়সী শিক্ষার্থী ও মডেল মুসকান। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার জিম ট্রেনার ইমরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ আগস্ট) পশ্চিম দিল্লির তিলক নগরের একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মুসকানকে ছুরিকাঘাতের পর অভিযুক্ত ইমরান ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
মুসকানের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।
মুসকানের বন্ধু আমান জানান, তিন বোনের মধ্যে মুসকান ছিলেন সবচেয়ে ছোট। ঘটনার সময় তার বড় বোন চণ্ডীগড়ে অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি আমানকে দ্রুত মুসকানের বাসায় যেতে বলেন।
আমানের দাবি, মুসকানের বোনেরা জানিয়েছেন, ইমরান এর আগেও তাকে হয়রানি করেছিলেন। সেই অতীত ঘটনার কারণেই হত্যাকাণ্ডে তার ওপর সন্দেহ করা হচ্ছে বলে জানান তিনি।
তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে ইমরানের ভূমিকা এখনো তদন্তাধীন। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ যাচাই করে ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।












