পিংক বাসের জন্য নারী চালক নিয়োগ দিচ্ছে বিআরটিসি

পিংক বাস সার্ভিসের জন্য অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে এবং উচ্চতা কমপক্ষে ৫ ফুট। জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ বা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

প্রার্থীর ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে। তবে বর্তমান ড্রাইভিং লাইসেন্স ভারী লাইসেন্সে রূপান্তরের সব শর্ত পূরণ করলেও প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া যাবে।

আগামী ৩০ আগস্ট, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে গাজীপুরে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নিয়ে সশরীরে উপস্থিত হতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের ৭ দিন থেকে ২ মাস পর্যন্ত ভারী গাড়ি চালনার বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালে থাকা-খাওয়ার ব্যয় বহন করবে বিআরটিসি।

প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ হলে প্রচলিত প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুযায়ী দৈনিক মজুরি ভিত্তিতে চালক পদে নিয়োগ দেওয়া হবে। তবে চূড়ান্ত নিয়োগের আগে কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব প্রার্থী অগ্রাধিকার পাবেন।

প্রয়োজনে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরের ম্যানেজার ট্রেনিংয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে। যোগাযোগের জন্য দেওয়া হয়েছে ০১৬১৯-৪৫৭২৪৫ (হোয়াটসঅ্যাপ) নম্বর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *