মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ

রাজধানীর আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত মধ্যরাতে একটি মোটরসাইকেলে এক তরুণীকে অস্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ও উদ্বেগ তৈরি হলেও তরুণীর প্রকৃত অবস্থা বা কী কারণে তাকে এভাবে নেওয়া হচ্ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শী মুফতি মনোয়ার হোসেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত কয়েকটি ছবি প্রকাশ করেন।

তার বর্ণনা অনুযায়ী, মোটরসাইকেলে তিনজন ছিলেন। সামনে একজন যুবক চালাচ্ছিলেন এবং পেছনে থাকা আরেক যুবক মাঝখানে বসা তরুণীকে জাপটে ধরে রেখেছিলেন। তরুণীর পা দুটি অস্বাভাবিকভাবে নিচের দিকে ঝুলে ছিল বলে জানান তিনি। এ কারণে তরুণীটি অচেতন বা নিস্তেজ অবস্থায় ছিলেন কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়।

ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় প্রত্যক্ষদর্শী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের চেষ্টা করেন বলে দাবি করেছেন। তবে তিনি সংযোগ পাননি বলে জানান। পরে মোটরসাইকেলটি টঙ্গী পর্যন্ত অনুসরণ করেন এবং এর নম্বর প্লেট ঢাকা মেট্রো-ল ৫১-৫৩২৪ উল্লেখ করে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

এদিকে পোস্টটি ছড়িয়ে পড়ার পর ‘জারা চৌধুরী রাত্রি’ নামের একটি ফেসবুক আইডি থেকে দাবি করা হয়, তরুণীটি উত্তরার একটি বারে মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে হুইলচেয়ারে করে নামাতেও দেখা গেছে বলে ওই ব্যক্তি দাবি করেন।

তবে ওই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। একইভাবে তরুণীটি অচেতন ছিলেন কি না কিংবা তার সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনা ঘটেছিল কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও প্রত্যক্ষদর্শীর বর্ণনার ভিত্তিতে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হলেও প্রকৃত ঘটনা জানতে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *