শুভশ্রীকে নিয়ে দেবের আবেগঘন পোস্ট, ভক্তদের উচ্ছ্বাস

দেব ও শুভশ্রীর জুটি মানেই টালিউড ভক্তদের কাছে পুরনো দিনের নস্ট্যালজিয়া। একসময় প্রেমের সম্পর্কে থাকা এই দুই তারকা দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। এবার ‘দেশু ৭’-এর শুটিং শেষ হওয়ার পর শুভশ্রীকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন দেব।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, কয়েক দিন আগে দেবের পরিচালনায় কাজের অভিজ্ঞতা নিয়ে প্রশংসাসূচক পোস্ট করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার পালটা অভিনেত্রীকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দেশু ৭’-এর শুটিংয়ের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন দেব।

পোস্টে দেব জানান, প্রথমবার সিনেমা পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। সেই সময় শুভশ্রী তার পাশে দাঁড়িয়েছিলেন। এমনকি চিত্রনাট্য, সিনেমার নাম কিংবা গল্প শেষ পর্যন্ত কোন দিকে যাবে—এসব না জেনেও ‘দেশু ৭’-এ কাজ করতে রাজি হয়েছিলেন অভিনেত্রী।

দেব আরও বলেন, শুভশ্রীকে তিনি বহুদিন ধরে চেনেন। তবে এই সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাকে যেন নতুন করে চিনেছেন। অভিনেত্রী হিসেবে তার বিকাশের পাশাপাশি একজন মানুষ হিসেবে শুভশ্রীর পরিবর্তনও তাকে মুগ্ধ করেছে। পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্যও তার প্রশংসা করেন দেব।

শুভশ্রীর পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ‘দেশু’ জুটির প্রতি দর্শকদের ভালোবাসা ধরে রাখার জন্যও তাকে ধন্যবাদ জানিয়েছেন দেব। তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি।

দেবের এই পোস্ট প্রকাশের পরই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই পুরনো দেব-শুভশ্রী জুটির স্মৃতিচারণ করেছেন। কেউ কেউ আবার আক্ষেপ করে লিখেছেন, তারা যদি এখনো একসঙ্গে থাকতেন! অন্যদিকে, ‘দেশু ৭’ দেখার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।

দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ‘দেশু ৭’-এর। সিনেমাটির শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে চলছে ডাবিংয়ের কাজ। রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে দেব ও শুভশ্রীর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। এছাড়া একটি আইটেম গানে দেখা যাবে ইধিকা পালকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *