রোমান্টিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সৃজনশীল মেধার বিকাশের লক্ষ্যে কেবল প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ আইনি নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদসচিব, তথ্য ও সম্প্রচার সচিব, সংস্কৃতিবিষয়ক সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে নোটিশের প্রাপক করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, দেশের চলচ্চিত্র ও নাটকে বর্তমানে প্রেম ও রোমান্সভিত্তিক গল্পের আধিক্য দেখা যাচ্ছে। এর ফলে সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে এবং শিক্ষার্থীরা পড়াশোনা ও ক্যারিয়ার থেকে বিচ্যুত হচ্ছে বলে দাবি করা হয়েছে।

এতে আরও অভিযোগ করা হয়, কিছু নাটকে পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকভাবে উপস্থাপন করা হচ্ছে, যা পারিবারিক ও সামাজিক নৈতিক কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে অনৈতিক সম্পর্কের প্রদর্শন সমাজে নৈরাজ্য ও অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনি নোটিশে সংবিধানের ২১(১) অনুচ্ছেদে নাগরিকের আইন মেনে চলা ও সামাজিক শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, ৩৯ অনুচ্ছেদে বাক্‌স্বাধীনতার পাশাপাশি শালীনতা ও নৈতিকতার স্বার্থে যুক্তিসংগত বিধিনিষেধ এবং ২৩ অনুচ্ছেদে জাতীয় সংস্কৃতি রক্ষায় রাষ্ট্রের দায়িত্বের কথা তুলে ধরা হয়েছে।

নোটিশে কেবল প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচারে কড়াকড়ি আরোপের দাবি জানানো হয়েছে। পাশাপাশি তরুণ সমাজকে নৈতিকভাবে গড়ে তুলতে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক নাটক-চলচ্চিত্র নির্মাণে নির্দেশনা দেওয়ার দাবিও করা হয়েছে।

নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তা নোটিশকারীকে জানাতে বলা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *