চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি খলনায়ক আশরাফুল হক ডনের রিমান্ডের দাবিতে ঢাকার আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছেন সালমান শাহর ভক্তরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ডনের উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সকাল থেকেই ব্যানার-ফেস্টুন নিয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হন সালমান শাহর অনুসারীরা।
মানববন্ধনে অংশ নেওয়া ভক্তরা বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের স্বার্থে ডনের সর্বোচ্চ রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন। তাদের দাবি, ডনকে জিজ্ঞাসাবাদ করলে মামলার অন্য আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। একই সঙ্গে মামলার অন্যান্য আসামিকেও দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান তারা।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মজিবুর রহমান গত ১৯ আগস্ট ডনের সাত দিনের রিমান্ড আবেদন করেন। সেই আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।
এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হলে আদালত তাকে কারাগারে পাঠান। পরবর্তীতে দুই দফা জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় রহস্যজনকভাবে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। দীর্ঘদিন আত্মহত্যা হিসেবে বিবেচিত হলেও পরবর্তীতে ঘটনাটি হত্যা দাবি করে মামলা করা হয়।
২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং খলনায়ক ডনসহ আরও কয়েকজন।












