নেপালের ভয়াবহ বন্যায় আটকে তাসরিফ খান, জানালেন নিরাপদে আছেন

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের মধ্যে দেশটিতে অবস্থান করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর তার নিরাপত্তা নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ও দলের নিরাপদ থাকার খবর জানিয়েছেন তিনি।

তাসরিফ জানান, তিনি ও তার সঙ্গে থাকা দলের সদস্যরা এখনো নেপালেই আছেন এবং আল্লাহর রহমতে নিরাপদে রয়েছেন। তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়ার পর দেশে-বিদেশে থাকা অসংখ্য ভক্ত তার সঙ্গে ফোন ও বার্তার মাধ্যমে যোগাযোগ করেন।

ভক্তদের উদ্বেগ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তাসরিফ নেপালের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্যও দোয়া করেছেন। তিনি বিপদে পড়া মানুষদের দ্রুত উদ্ধার এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য সবার কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

এদিকে নেপালের উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যায় বহু পর্যটক নিখোঁজ ও হতাহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। রাসুয়া ও আশপাশের এলাকায় যোগাযোগব্যবস্থাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজে স্থানীয় নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

তাসরিফ বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং নিরাপদে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তার নিরাপদ থাকার খবর পেয়ে স্বস্তি ফিরেছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *