উড্ডয়নের ২০ মিনিট পরই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে উড্ডয়নের প্রায় ২০ মিনিট পর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহতদের একজন প্রশিক্ষণার্থী এবং অন্যজন অভিজ্ঞ প্রশিক্ষক।

বৃহস্পতিবার সকালে কানপুরের গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করে দুই ইঞ্জিনবিশিষ্ট চার আসনের বিমানটি। সকাল সাড়ে ১১টার দিকে উড্ডয়নের পর প্রায় ২০ মিনিটের মাথায় প্রশিক্ষণ কেন্দ্রে ফেরার সময় গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত দুই পাইলট হলেন গুজরাটের শচীন ভাটিয়া ও কর্ণাটকের অভিষেক পূজারি। তাদের মধ্যে একজন প্রশিক্ষণার্থী এবং অন্যজন প্রশিক্ষক ছিলেন। নিহত প্রশিক্ষকের প্রায় ৩ হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও জরুরি পরিষেবার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন। কানপুর নগরের পুলিশ কমিশনার রঘুবীর লাল জানান, বিষয়টি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হবে।

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, ঘাস ও গাছপালায় ঘেরা এলাকায় বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে। বিমানের ধাতব অংশ দুমড়েমুচড়ে গেছে এবং ডানা ও সাদা প্যানেল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

প্রাথমিকভাবে কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারানোর পর বিমানটি বিধ্বস্ত হয়। তবে কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিমানটি ২০২৩ সালে গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্রে আনা হয়েছিল বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কঠিন এই সময়ে তাদের শক্তি জোগানোর জন্য প্রার্থনা করেছেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *