নেপালের ভয়াবহ বন্যায় শুটিং করতে গিয়ে বিপাকে খরাজ-রজতাভ

নেপালের চীন সীমান্তসংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানের কারণে বিপাকে পড়েছেন কলকাতার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। বাংলাদেশের একটি সিনেমার শুটিং করতে গিয়ে তারা সেখানে আটকা পড়েন। খরাজের সঙ্গে তার স্ত্রী ও শুটিং দলের আরও কয়েকজন সদস্য রয়েছেন।

গত ২০ আগস্ট শুটিংয়ের জন্য নেপালে যান তারা। সেখানে পৌঁছানোর পর থেকেই টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কয়েক দফা শুটিং ব্যাহত হয়। শেষ পর্যন্ত বৃষ্টির মধ্যেই শুটিং শেষ করতে হয়েছে বলে জানিয়েছেন খরাজ।

দুর্যোগের কারণে রসুয়া থেকে কাঠমান্ডু যাওয়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নির্ধারিত ফ্লাইটও ধরতে পারেননি তারা। খরাজ জানিয়েছেন, বর্তমানে তারা হোটেলে নিরাপদে আছেন। বিকল্প পথে সড়কপথে ভারতের গোরক্ষপুর গিয়ে সেখান থেকে কলকাতায় ফেরার পরিকল্পনা করছেন।

এদিকে তিব্বত থেকে আসা আকস্মিক পানির ঢলে ভোতে কোশি নদীর পানি বেড়ে রসুয়া ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তা, সেতু, বাজার ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজে নেপাল সেনা ও নিরাপত্তা বাহিনী কাজ করছে।

তবে সর্বশেষ তথ্যে রজতাভ দত্ত কলকাতায় ফিরেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে। অন্যদিকে খরাজ মুখোপাধ্যায় ও তার স্ত্রী এখনো নেপালে আটকা রয়েছেন। একই সিনেমার শুটিংয়ে থাকা বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাসও নেপালে আটকা পড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুর্যোগ পরিস্থিতির কারণে শুটিং দলের সদস্যরা নিরাপদে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *