নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশে পুকুরে পরিবারের সদস্যদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে আশরাফি আক্তার (৭) নামের এক শিশু।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর পুকুর থেকে আশরাফিকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমন দাস তাকে মৃত ঘোষণা করেন। আশরাফি শম্ভুপুরা গ্রামের আফজাল হোসেনের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বাড়িতে তাদের বাড়ীতে এক আত্মীয়র সুন্নতে খাৎনা উপলক্ষে অনুষ্ঠান ছিল।
অনুষ্ঠানে আসা স্বজনদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় আশরাফি। সবাই একসঙ্গে গোসল করলেও একপর্যায়ে আশরাফিকে আর দেখা যায়নি। কখন সে পানিতে ডুবে যায়, তা কেউ টের পাননি। পরে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। প্রায় দুই ঘণ্টা পর পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
আশরাফিকে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সুমন দাস তাকে মৃত ঘোষণা করেন।












