ফেসবুকে ব্যক্তিগত তথ্য ফাঁস, নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামীর জিডি

অনুমতি ছাড়া ফেসবুকে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য প্রকাশ এবং অচেনা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর শাহবাগ থানায় তিনি এ জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

জিডি সূত্রে জানা যায়, মোনামীর অনুমতি ছাড়াই তাঁর মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা ও বাসার ঠিকানা ফেসবুকে পোস্ট করা হয়েছে। এসব তথ্য প্রকাশের পর বিভিন্ন অচেনা নম্বর থেকে তাঁকে ফোন করে বাজে কথা বলা ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

বাসার ঠিকানা প্রকাশ্যে চলে আসায় নিজের বাসভবনে অবস্থান করাকেও অনিরাপদ মনে করছেন এই শিক্ষক। এ অবস্থায় নিজের সার্বিক নিরাপত্তা এবং ঘটনার আইনি প্রতিকার চেয়ে থানায় জিডি করেন তিনি।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। জিডিটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা শাখায় (ডিবি) পাঠানো হবে বলেও জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *