তিস্তার নান্দনিক পরিবেশে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

উত্তরাঞ্চরের পাঁচ জেলায় তিন দিনের সফরের প্রথম দিনে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার (৩০ আগস্ট) দুপুরে স্ত্রী ডিয়ান ডাও এবং দূতাবাসের প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে তিস্তা ব্যারাজে যান তিনি।

রাষ্ট্রদূতের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের কর্মকর্তারা। এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রুহুল আমিন, উত্তরাঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী সরফরাজ বান্দা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে প্যারাগন গ্রুপ পরিচালিত ‘প্যারাগন ডেইরি’ পরিদর্শন করেন তিনি। সেখান থেকে তিস্তা ব্যারাজ এলাকায় যান।

তিস্তা ব্যারাজের চারপাশের সবুজ প্রকৃতি ও নান্দনিক পরিবেশ দেখে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রী। তারা ব্যারাজ এলাকায় দাঁড়িয়ে ছবি তোলেন এবং কিছু সময় সেখানে অবস্থান করে তিস্তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

পরিদর্শন শেষে বিকেল ৩টার দিকে সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশে রওনা দেন তারা। সেখানে ইএসডিও গেস্ট হাউসে রাতযাপনের কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন সোমবার তেঁতুলিয়ার মহানন্দা নদী, বাংলাবান্ধা জিরো পয়েন্ট, পঞ্চগড় জেলা আধুনিক সদর হাসপাতাল, পঞ্চগড় রকস মিউজিয়াম ও একটি চা কারখানা পরিদর্শনের কথা রয়েছে। এছাড়া পঞ্চগড় সার্কিট হাউসে সুধী সমাবেশে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সফরের শেষ দিন মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ, দিনাজপুরের কান্তজির মন্দির ও নয়াবাদ মসজিদ, পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা এবং সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শনের কথা রয়েছে। পরে সৈয়দপুরের চিনি মসজিদ ও সৈয়দপুর খ্রিষ্টান চার্চ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।

মার্কিন রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান জানান, সফর নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *