দেবের এক ফোনেই দূরত্ব মুছল, ‘যাই হোক’ পাশে থাকার কথা শুভশ্রীর

কলকাতার সিনেমার একসময়কার জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী। পর্দার সফল রসায়নের পাশাপাশি বাস্তব জীবনেও একসময় প্রেমের সম্পর্কে ছিলেন তারা। সময়ের সঙ্গে সেই সম্পর্কের সমাপ্তি হলেও দুজনের বন্ধুত্ব ও পারস্পরিক আস্থা আজও অটুট রয়েছে।

এবার সেই বন্ধুত্বেরই একটি আবেগঘন ঘটনার কথা সামনে আনলেন অভিনেত্রী শুভশ্রী। তিনি জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর রাতে রাজ চক্রবর্তীর সঙ্গে বিদেশে ছুটি কাটানোর সময় ভারতীয় সময় রাত ২টার দিকে ফোনে দেবের একটি মিসড কল দেখতে পান। মিসড কল দেখেই তার মনে হয়েছিল, ফোনের কারণ যা-ই হোক না কেন, দেবের পাশে দাঁড়ানো উচিত।

পরে দেব ফোন করে তাকে একটি নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। শুভশ্রীর ভাষ্য অনুযায়ী, দেব তখন তাকে বলেন যে তিনি স্ক্রিপ্ট, পরিচালক কিংবা ছবির বিষয়—কিছুই জানেন না; শুধু একটি ছবির ঘোষণা করতে চান এবং শুভশ্রী তাতে অভিনয় করবেন কি না জানতে চান। কোনো দ্বিধা ছাড়াই শুভশ্রী সেই প্রস্তাবে রাজি হয়ে যান।

শুভশ্রী বলেন, চিত্রনাট্য বা গল্প সম্পর্কে কিছু না জেনেই দেবের ওপর বিশ্বাস রেখেই তিনি ছবিটিতে কাজ করতে সম্মতি দেন। ‘দেশু৭’-এর র‌্যাপ-আপ পার্টিতে ক্যামেরার সামনে এই অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, দেবের প্রতি তার আস্থার জায়গাটিই ছিল সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে বড় কারণ।

শুধু অভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবেও দেবকে নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও বলেন শুভশ্রী। ফটোশুটের সময় দেবের পরিকল্পনা ও স্পষ্ট দৃষ্টিভঙ্গি দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। তবে শুটিংয়ের প্রথম দিনে পরিচালকের ভূমিকায় দেবকে দেখে প্রথমে ভিন্ন ধারণা হলেও সময়ের সঙ্গে তার সেই ধারণা বদলে যায় এবং পরিচালক দেবের কাজের প্রশংসা করেন তিনি।

দেব ও শুভশ্রীকে এবার দীর্ঘ বিরতির পর আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে ‘দেশু৭’ সিনেমায়। পুরোনো এই জনপ্রিয় জুটির প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *