Day: July 18, 2026

  • সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী

    সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী

    সোনারগাঁও(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
    নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বুরুমদী গ্রামে ৩শ টাকার নন রেজিস্ট্রার স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দিয়েছেন দুই মাদক ব্যবসায়ী।  শনিবার (১৮ জুলাই) বিকেলে বুরুমদী গ্রামে মাদক বিরোধী সভায় এ মুচলেকা দেন।

    মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দিয়েছেন বুরুমদী গ্রামের হাবিবুর রহমান ভূইয়ার ছেলে মাছুম ভূঁইয়া ও মজিবুর রহমানের ছেলে হাবিবুররহমান পিয়ার।

    জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে সম্প্রতি মাদক ব্যবসা ও সেবনকারীদের দৌরাত্ম বেড়ে যায়। এতে করে উঠতি বয়সের যুবকরা মাদকের দিকে ঝুঁকে পড়ে। ফলে ওই এলাকায় মাদকের টাকা জোগাড় করতে যুবকরা বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। বিষয়টি জানতে পেরে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিক মাদক বিরোধী সভার আয়োজন করেন। সেখানে ওই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মাছুম ভূঁইয়া ও হাবিবুর রহমান পিয়ারকে উপস্থিত করা হয়। সেখানে তাদের বিষয়ে প্রায় দু’ঘন্টা আলোচনা করা হয়। আলোচনার এক পর্যায়ে তাদের ভুল বুঝতে পেরে তারা মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দেন।
    মাদক বিরোধী সভায় জামপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ামিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি ও আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আল মুজাহিদ মল্লিক। এসময় উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. গিয়াসউদ্দিন, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুল হক, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, ইব্রাহিম মিয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আলামিন মিয়া প্রমুখ।

    মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা পর মাছুম ভূঁইয়া বলেন, এক সময় তিনি ভুল করেছেন। এ ভুল আর তিনি করবেন না। সমাজকে ভালো রাখার জন্য তিনি এ ব্যবসা ছেড়ে দিলেন। ভবিষ্যতে মাদক ব্যবসা করার মন মনষিকতা তৈরি হলে তিনি স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিবেন।

    সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, বুরুমদী গ্রামটি ঐতিহ্যবাহী গ্রাম। এ গ্রামে সোনারগাঁয়ের সব চেয়ে বেশি উচ্চ শিক্ষিত মানুষ রয়েছেন। এ গ্রামকে মাদকের ছোবলে ধ্বংস হতে দেওয়া যাবে না। আমাদের সকলের প্রচেষ্ঠায় দুজনকে মাদক ব্যবসা থেকে সরিয়ে আনার চেষ্টা করেছি। আশা করি এ গ্রামে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী থাকবে না। এ গ্রামে মাদক প্রতিরোধে নজরদারি বাড়ানো হবে।

    সোনারগাঁও থানার ওসি মো. গোলাম সারোয়ার বলেন, মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার বিষয়টি ইতিবাচক। তবে এ বিষয়ে তাদের প্রতি পুলিশের নজরদারি বাড়িতে তাদের এ পেশা থেকে ফিরিয়ে আনতে পারলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।

  • কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

    কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

    মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ম্যাক্সি ও ব্লাউজ জব্দ করেছে। শনিবার (১৮ জুলাই) ভোর আনুমানিক ৩টার দিকে গীতবাড়ি বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

    বিজিবি জানায়, সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনতলা এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনে থাকা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ম্যাক্সি ও ব্লাউজ উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৯৫ হাজার টাকা

    বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

  • মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি – সোনারগাঁওয়ে এমপি আজহারুল ইসলাম মান্নান

    মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি – সোনারগাঁওয়ে এমপি আজহারুল ইসলাম মান্নান

    ​সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি;
    ​তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, শরীর ও মনকে সচল রাখতে এবং যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে বাঁচাতে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়াতে হবে।
    শনিবার ( ১৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ  আল জিনাত এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    ​মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে এমপি মান্নান বলেন, মাদক নিয়ে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। নতুন আইনের মাধ্যমে মাদকসহ আটক হলে জামিনের কোনো সুযোগ নেই, এমনকি সর্বোচ্চ সাজার ব্যবস্থাও রয়েছে। তাই সময় থাকতে মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরে আসতে মাদক কারবারিদের প্রতি আহ্বান জানান তিনি।
    ​টুর্নামেন্ট সম্পর্কে তিনি আরও বলেন, সুস্থ বিনোদন তরুণদের নৈতিক চরিত্র গঠনে সহায়তা করে। মাদকবিরোধী এই লড়াইয়ে প্রশাসনের পাশাপাশি মাঠ পর্যায়ের তরুণ সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
    ​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম। এছাড়া জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, হযরত আলী রানা, সাইদুর রহমান শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    ​উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে সোনারগাঁও পৌরসভা সূর্য সৈনিক একাদশ ও শরীয়তপুর সুপার এলিভেন একে অপরের মুখোমুখি হয়।
  • রাজধানীতে আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজধানীতে আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও পরিবেশ দূষণ কমাতে দ্রুততম সময়ের মধ্যে আরও ৫০টি স্পটে স্বয়ংক্রিয় (অটোমেটিক) ট্রাফিক লাইট স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শনিবার (১৮ জুলাই) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

    বৈঠকে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধ, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদন, যানবাহনের অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এবং রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

    এ সময় ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার পাশাপাশি হর্ন নিয়ন্ত্রণেও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।

    বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • তীব্র তাপপ্রবাহে আলজেরিয়াজুড়ে শতাধিক দাবানল, প্রাণ গেল ১১ জনের

    তীব্র তাপপ্রবাহে আলজেরিয়াজুড়ে শতাধিক দাবানল, প্রাণ গেল ১১ জনের

    তীব্র তাপপ্রবাহের মধ্যে আলজেরিয়ার বিভিন্ন প্রদেশে শতাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। একই সময় রাজধানী আলজিয়ার্সের উপকণ্ঠে একটি এতিমখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

    দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগ জানিয়েছে, দ্রারিয়া জেলার এতিমখানাটিতে দীর্ঘ সময় ধরে চলমান একটি শীতাতপ নিয়ন্ত্রণ (এয়ার কন্ডিশনার) ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিহতদের অধিকাংশই শিশু।

    আলজেরিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। পরিস্থিতি মোকাবিলায় সিভিল প্রোটেকশন ডিরেক্টরেট ৪৫টি প্রদেশে অতিরিক্ত জনবল মোতায়েন করেছে।

    সরকারি তথ্যমতে, বনাঞ্চল, কৃষিজমি, ঝোপঝাড় ও খেজুর বাগান মিলিয়ে ১১১টি দাবানলের ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৫টি আগুন নিয়ন্ত্রণে এলেও ১৮টি প্রদেশে এখনও ৪৬টি দাবানল সক্রিয় রয়েছে।

    বেজাইয়া, আনাবা, স্কিকদা, ব্লিদা, তিজি উজু, বুমেরদেস, আইন দেফলা ও ত্লেমসেন প্রদেশে বিমান ও হেলিকপ্টারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

    ইউরোপীয় কমিশনের ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম (EFFIS)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত আলজেরিয়ায় প্রায় ২১ হাজার ২২৭ হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে, যা একই সময়ের বহু বছরের গড়ের দ্বিগুণেরও বেশি।

    বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া এবং পরিবর্তিত ভূমি ব্যবস্থাপনার কারণে উত্তর আফ্রিকাজুড়ে দাবানলের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

  • ইরানে পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা, ২০ গ্রামের পানি সরবরাহ বন্ধ

    ইরানে পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা, ২০ গ্রামের পানি সরবরাহ বন্ধ

    ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের হরমোজগান প্রদেশের বুঞ্জি এলাকার একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে মার্কিন হামলার পর অন্তত ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ সুপেয় পানির তীব্র সংকটে পড়েছে। শনিবার (১৮ জুলাই) ইরানের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

    হরমোজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, হামলার ফলে পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পানীয় জলের সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

    এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে। হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে। কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলার পর একটি বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্রের অংশে আগুন লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদ্যুৎ উৎপাদনের কয়েকটি ইউনিট সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হলেও বিদ্যুৎ ও পানি সরবরাহ সচল রাখা হয়েছে।

    অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়ে সতর্ক করেছে, হামলা অব্যাহত থাকলে দেশটি পূর্ণমাত্রার যুদ্ধে যেতে বাধ্য হবে।

  • কক্সবাজার সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

    কক্সবাজার সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ১৭ ও ১৮ জুলাই কক্সবাজার ও সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি সীমান্ত নিরাপত্তা, অপারেশনাল প্রস্তুতি এবং বন্যাদুর্গত মানুষের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করেন।

    পরিদর্শনকালে মহাপরিচালক বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন এবং দায়িত্বপালনরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। দুর্গম পরিবেশে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সদস্যদের প্রশংসা করে সীমান্ত নিরাপত্তা আরও জোরদারের নির্দেশনা দেন।

    সরকারের মানবিক উদ্যোগের অংশ হিসেবে বিজিবি চকরিয়া পৌরসভা, লক্ষ্যচর ও কাকারা ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং একটি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করে।

    মহাপরিচালক বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে জনগণের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। তিনি সকল সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

  • ফাইনালের আগে আত্মবিশ্বাসী মেসি, দলগত শক্তিতেই ভরসা

    ফাইনালের আগে আত্মবিশ্বাসী মেসি, দলগত শক্তিতেই ভরসা

    ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, বড় ম্যাচের চাপ নিয়ে তিনি বা তার দল ভাবেন না। বরং প্রতিটি ম্যাচ উপভোগ করেই খেলতে চান তারা।

    নিউইয়র্কে ফাইনালের আগে আয়োজিত সংবাদ অনুষ্ঠানে কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে উপস্থিত হয়ে মেসি বলেন, ফুটবল একটি দলগত খেলা এবং প্রতিপক্ষও জয়ের জন্য লড়ে। তাই সব সময় জয় সম্ভব নয়, তবে নিজেদের সেরাটা দেওয়াই তাদের লক্ষ্য।

    শৈশবের অভিজ্ঞতার কথা তুলে ধরে মেসি বলেন, হার থেকেই তিনি সবচেয়ে বেশি শিক্ষা পেয়েছেন এবং সেটিই তাকে একজন পরিণত মানুষ ও ফুটবলার হিসেবে গড়ে তুলেছে।

    স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের প্রশংসা করে মেসি বলেন, তিনি বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলার। তবে ফাইনালে আর্জেন্টিনা চেষ্টা করবে ইয়ামালকে স্বাভাবিক খেলাটা খেলতে না দিতে।

    রোববারের ফাইনালে আর্জেন্টিনা টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে মাঠে নামবে, আর স্পেন লড়বে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয়ের জন্য।

  • বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব ও ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে। শনিবার (১৮ জুলাই) কক্সবাজারের পেকুয়া উপজেলা মাঠে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্যায় রাস্তাঘাট, ঘরবাড়ি ও বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি মানবিক সহায়তায় এগিয়ে আসায় শামসুল হক ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন।

    ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে ১০০টি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পেকুয়ায় ২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

  • সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এগোতে চায় বাংলাদেশ: মির্জা ফখরুল

    সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এগোতে চায় বাংলাদেশ: মির্জা ফখরুল

    বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন, ভারত, ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এগিয়ে যেতে চায়। দেশের স্বার্থে বাণিজ্য সম্প্রসারণ এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

    শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘লং লিভ বাংলাদেশ-চায়না’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক ঐতিহাসিক এবং অবিচ্ছেদ্য। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পর দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি দাবি করেন, বিএনপি সরকারের প্রতিটি মেয়াদেই চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হয়েছে।

    তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের জন্য বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। বর্তমান সরকার ভূরাজনীতির চেয়ে অর্থনীতি ও কূটনৈতিক সহযোগিতাকে বেশি গুরুত্ব দিচ্ছে।

    অনুষ্ঠানে তিনি বলেন, চীনের সঙ্গে বিভিন্ন উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশীদারিত্ব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে এবং জাতীয় স্বার্থ রক্ষায় সরকার সব দেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করবে।