নিউজ আপডেট
নিউজ আপডেট

সরকারের কর্মকাণ্ড যেন তাঁর কারণে ম্লান না হয়, সে বিবেচনায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে মাদকবিরোধী অভিযানে কোনো ভুল করেননি বলেও দাবি করেছেন ইশরাক।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইশরাক হোসেন। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, তিনি ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। প্রধানমন্ত্রী তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি সে অনুযায়ী কাজ করে আসছিলেন।

সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযান নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে ইশরাক বলেন, ‘আজ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। সেখানে তাঁকে বলেছি, আমি পদত্যাগ করতে চাই। আমার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। আমার কারণে যেন সরকারের কর্মকাণ্ড ম্লান না হয়।’

তিনি আরও বলেন, ঢাকা-৬ আসন ও এর আশপাশের এলাকায় মাদক নির্মূল এবং জনজীবনের অন্যান্য সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি। ভবিষ্যতে কাজের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে তাঁর। এ বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলে জানান ইশরাক।

পদত্যাগের নির্দেশ নিয়ে বিতর্ক

এর আগে রোববার রাতে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে তখন ইশরাক ওই খবরকে গুজব বলে দাবি করেন।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুরে সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা জানান তিনি। পরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের ভিড়

সংবাদ সম্মেলন চলাকালে জাতীয় প্রেসক্লাবের কক্ষে দলীয় নেতাকর্মীদের ভিড়ের কারণে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেখানে প্রায় দুই শতাধিক নেতাকর্মী প্রবেশ করেন। পরিস্থিতি নজরে আসার পর ইশরাক মাইকে তাঁদের কক্ষ থেকে বেরিয়ে বাইরে অবস্থান নেওয়ার নির্দেশ দেন। পরে অনেক নেতাকর্মী কক্ষ ছেড়ে বাইরে চলে যান।

প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানালেও মাদক নির্মূল এবং ঢাকা-৬ আসনসহ আশপাশের এলাকার জনজীবনের সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইশরাক হোসেন।

Share.