নিউজ আপডেট
নিউজ আপডেট

এক ইউরো খরচ করে ব্যালন ডি’অরের ইতিহাসে সেরা মৌসুম বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন ফুটবল সমর্থকেরা। চাইলে একই খেলোয়াড়কে একাধিকবার ভোট দেওয়া যাবে। তবে প্রতিটি ভোটের জন্য আলাদাভাবে এক ইউরো খরচ করতে হবে। ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে এ ব্যতিক্রমী আয়োজন করেছে পুরস্কারটির আয়োজক ফ্রান্স ফুটবল।

বর্তমানে ব্যালন ডি’অরের মূল বিজয়ী নির্বাচনে নির্ধারিত সাংবাদিকেরা ভোট দিয়ে থাকেন। তবে এবার সমর্থকেরাও অংশ নিতে পারছেন বিশেষ এই ভোটাভুটিতে। এখানে বর্তমান মৌসুমের সেরা ফুটবলার নির্বাচন নয়, বরং পুরস্কারটির ইতিহাসে বিজয়ীদের সেরা মৌসুম বেছে নেওয়ার সুযোগ রয়েছে।

ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটে অক্টোবরের শুরুতে এ ভোটাভুটি শুরু হয়েছে। আগামী ২৭ অক্টোবর প্যারিসের স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত ভোট দেওয়া যাবে।

ভোটে রয়েছেন ১০ কিংবদন্তি

এই আয়োজনে অংশ নিচ্ছেন ব্যালন ডি’অর একাধিকবার জেতা ১০ কিংবদন্তি ফুটবলার। তাঁদের মধ্যে রয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, রোনালদো নাজারিও, মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল-হেইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেডো দি স্তেফানো।

মেসি আটবার এবং রোনালদো পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। সমর্থকেরা তাঁদের পুরস্কারজয়ী বিভিন্ন মৌসুমের পারফরম্যান্স বিবেচনা করে পছন্দের মৌসুমকে ভোট দিতে পারবেন।

ভোটে এগিয়ে রোনালদোর ২০০৮ সালের মৌসুম

ভোটের সর্বশেষ হিসাবে এগিয়ে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম। ওই বছর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন পর্তুগিজ তারকা। একই বছর প্রথমবারের মতো ব্যালন ডি’অরও জেতেন তিনি।

এরপর রয়েছে লিওনেল মেসির ২০১২ সালের মৌসুম। ওই বছর চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন আর্জেন্টাইন এই তারকা।

ভোট দিলেই থাকছে বিশেষ সুযোগ

এক ইউরো দিয়ে ভোট দেওয়া সমর্থকেরা ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি পুরস্কারটির বিশেষ একটি ছবি কেনা ও ডাউনলোড করা যাবে।

তবে আয়োজকেরা স্পষ্ট করেছেন, এই ভোটের ফলাফল কেবল অংশগ্রহণকারীদের পছন্দের প্রতিফলন। এটিকে ফুটবল ইতিহাসের সেরা মৌসুমের চূড়ান্ত রায় হিসেবে বিবেচনা করা যাবে না।

মেসি ও রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এই আয়োজন তাঁদের সমর্থকদের জন্য প্রিয় তারকার সেরা সময় বেছে নেওয়ার নতুন সুযোগ তৈরি করেছে।

Share.